রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন মোছা: ছালমা বেগম লাকি (৪৮) ও মো: আব্দুর রহিম (৫৪)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। সেখানে অভিযান চালিয়ে মাদকসহ ওই দুজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।





