৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার জাভা সাগরে জাহাজ ডুবি: ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯

প্রকাশ:

ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ ‘ভারগো ট্রান্সপোর্ট ৮’ ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়েছে। রবিবার ভোরে খারাপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ ১২৯ জনের সন্ধানে কাজ করছেন ৬ শতাধিক উদ্ধারকর্মী।

উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। দুর্ঘটনার পরপরই ১০৮ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছয়জনে অপরিবর্তিত রয়েছে।

বানজারমাসিন উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা জানান, নিখোঁজদের উদ্ধারে ভোর থেকেই বড় আকারের অভিযান চলছে। এতে প্রায় ১২টি নৌযান ও ৬২২ জন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দলের প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তাল সমুদ্রে জাহাজটির লাল-কালো রঙের কাঠামো কাত হয়ে ডুবে আছে এবং এর আশপাশে ছোট দুটি নৌকায় উদ্ধারকর্মীদের অবস্থান করতে দেখা যাচ্ছে।

জাতীয় উদ্ধার সংস্থার কর্মকর্তা এডি প্রাকোসো জানান, শক্তিশালী ঢেউয়ের আঘাতে জাহাজটি একদিকে হেলে পড়ে। পরবর্তীতে একটি হেলিকপ্টার থেকে জাহাজটিকে উল্টে যেতে দেখা যায়। বর্তমানে জাহাজটি কেন দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন