৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অসচ্ছল ৩৬ মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল সরকার

প্রকাশ:

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩১। আর্থিক সীমাবদ্ধতার কারণে যাতে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে সরকার। সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্টের যৌথ উদ্যোগে অসচ্ছল ৩৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তার চেক এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবীদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারের এই বিশেষ অনুদান তহবিল থেকে সহায়তা দেওয়ার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে নিরবচ্ছিন্ন রাখা। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে সহায়তার আওতায় আনার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

খুলনা জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে নগদ চেকসহ সাইকেল, ব্যাগ, ল্যাপটপ ও সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকেও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই সহায়তা কার্যক্রমের আওতায় প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন