এডিস মশার বংশবিস্তার রোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ২৮টি মামলায় মোট ১ লক্ষ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিন মাসব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে রোববার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানের সময় মিরপুর-১০, রূপনগর, উত্তর পল্লবী, আগারগাঁও, উত্তরা, নিকুঞ্জ ও বারিধারা এলাকা থেকে এডিস মশার লার্ভা পাওয়ার অভিযোগে এই জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিস দশি চাকমা, এস এম রাসেল ইসলাম নূর, শরিফুল আলম তানভীর, প্রমথ রঞ্জন ঘটক ও দেদারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী তিন মাস ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় মশার প্রজননক্ষেত্র চিহ্নিত ও ধ্বংস করতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালাবেন। এই কর্মসূচির আওতায় বাসা-বাড়িতে সোর্স রিডাকশন ও লার্ভিসাইডিংয়ের পাশাপাশি ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হবে।





