আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে বাংলা মোটরে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। দলের প্রধান নাহিদ ইসলাম সেখানে ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা সমাধান, জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং আওয়ামী লীগের যেকোনো ‘নাশকতামূলক তৎপরতার’ বিষয়ে সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় ঘোষিত দুই মেয়র পদপ্রার্থী, আসিফ মাহমুদ এবং নাসীরুদ্দীন পাটওয়ারীও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর এনসিপির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছিলেন যে, আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তাদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হলেও তিনি সেই এলাকার ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি। অন্যদিকে, আসিফ মাহমুদ সংসদ নির্বাচনের আগে কুমিল্লা থেকে ঢাকা-১০ আসনে ভোটার স্থানান্তরিত করলেও শেষ পর্যন্ত প্রার্থী হননি। স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকায় ভোটার হওয়া বাধ্যতামূলক হওয়ায় দলের পক্ষ থেকে এই পরিবর্তন আনা হয়েছে।





