ভারতের দিকে তাকিয়ে না থেকে নিজেদের দেশের কথা ভাবুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একটি তীর্যক মন্তব্য করেছেন। তিনি বলেন, 'ব্রেকফাস্ট খাইতে ইন্ডিয়া, লাঞ্চ করতে ইন্ডিয়া, ডিনার করতে ইন্ডিয়া—তাহলে নিজের খাবার কখন খাবেন?' জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, 'ভারতের বিষয়টি মাথা থেকে বের করতে হবে। ভারত বাংলাদেশের আরেকটি প্রতিবেশী দেশ, যার সঙ্গে বাংলাদেশ ভালো দ্বিপাক্ষিক সম্পর্ক চায়। তবে সবসময় শুধু ভারতের কথা ভাবলে চলবে না, নিজেদের দেশের কথাও ভাবতে হবে।' তিনি আরও বলেন, যার সঙ্গে যখন দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিকভাবে কথা বলা দরকার, বাংলাদেশ অবশ্যই তা বলবে। তবে সাইডলাইনে সবার সঙ্গে বৈঠক করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীর অনেক আমন্ত্রণ থাকবে এবং অনেক দেশের সঙ্গে আলোচনা হবে।

এর আগে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে সাজাতে চায়। গত ১৫ বছর ধরে একটি স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত ও লুটেরা সরকারের সঙ্গে যে অস্বস্তিকর সম্পর্ক ছিল, সেখান থেকে বের হয়ে সরকার নতুন সম্পর্কের দিকে এগিয়ে যেতে চায়। তিনি উল্লেখ করেন, এই সম্পর্ক বহুপাক্ষিক ফোরামের মাধ্যমে নয়, বরং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পুনর্গঠন করা উচিত। ভারতের সঙ্গে প্রথম আলোচনা সরাসরি দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে হওয়াই সবচেয়ে ভালো বলে তিনি মত দেন।

বহুপাক্ষিক ফোরামে গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করা হবে না—এমন কোনো কথা তিনি বলেননি বলেও স্পষ্ট করেন হুমায়ুন কবির। তার বক্তব্য শুধুমাত্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, 'কোনো বহুপাক্ষিক অনুষ্ঠানে গেলে কারও সঙ্গে দেখা করা হবে না—এমন কথা কখনো বলা হয়নি।'

শেয়ার করুন