ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের নেতৃত্বাধীন কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের ১ মার্চ। বিএনপির শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বর্তমান দুই নেতার বৈঠকের পরই নতুন কমিটি ঘোষণার কথা ছিল, কিন্তু প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনো কোনো ঘোষণা আসেনি।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে নেতৃত্ব নির্বাচনে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। শীর্ষ পদে আগ্রহীদের মধ্যে ২০০৮–০৯, ২০০৯–১০ ও ২০১০–১১ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা যেমন রয়েছেন, তেমনি ২০১৪–১৫ ও ২০১৫–১৬ শিক্ষাবর্ষেরও অনেকে আছেন। বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীদের মানসিকতা ও প্রত্যাশা মাথায় রেখে নতুন কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ একজন নীতিনির্ধারক। এই প্রেক্ষাপটে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব সামনে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তবে এই প্রক্রিয়ায় ভিন্ন মতও রয়েছে। গত ১৫ বছরের প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে মাঠে থেকে যারা মামলা, গ্রেপ্তার ও কারাবরণের শিকার হয়েছেন, তাদের অবদানকেও ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করেন দলের একটি অংশ। পাশাপাশি প্রতিকূল সময়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকা নেতাদের সাংগঠনিক নিবেদনও মূল্যায়ন করা হচ্ছে। ছাত্রলীগকে মোকাবিলা করা এবং ছাত্রশিবিরের সাংগঠনিক কৌশল সম্পর্কে অভিজ্ঞ এসব নেতাদের পুরোপুরি বাদ দেওয়া ঠিক হবে না—এমন মতও তারেক রহমানের কাছে পৌঁছেছে।
বর্তমানে তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের চেষ্টা চলছে। শীর্ষ দুই পদে সিনিয়র ও জুনিয়র নেতাদের সমন্বয় করার বিষয়ে আলোচনা এখনো চলমান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের দুর্বল ফলও নতুন নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে একটি বড় বিবেচ্য বিষয়। সংগঠনকে আগামীতে কীভাবে শক্তিশালী করা যায় এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।
নতুন নেতৃত্বের ক্ষেত্রে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার সক্ষমতাও যাচাই করা হচ্ছে। অতীতে বিভিন্ন নেতাকে কেন্দ্র করে গ্রুপ-উপগ্রুপের যে প্রবণতা দেখা গেছে, তা নতুন কমিটিতে রোধ করতে চায় বিএনপি। এছাড়া অন্য সংগঠন থেকে আসা অনুপ্রবেশ ঠেকাতে অতীত রাজনৈতিক পরিচয় যাচাইয়ের দিকেও নজর দেওয়া হচ্ছে।
তারেক রহমান বিভিন্ন পর্যায় থেকে মতামত ও নামের তালিকা নিলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নিতে তারেক রহমান নিউইয়র্কে যাবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির আরেকটি সূত্র বলেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র যাত্রার আগে নতুন কমিটি ঘোষণার সুযোগ এখনো রয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানিয়েছেন, নতুন কমিটি না হওয়া পর্যন্ত তারা স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।





