দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে নগরীতে ফগার স্প্রে ছিটানো এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: ইউসুফ আলী উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তারা নগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 'ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব হবে।' এ সময় তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এফ এ এম আঞ্জুমান আরা বেগম। এছাড়া রাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।





