ক্যারিয়ারের ব্যস্ততার মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে তিনি আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের এই সুখবরটি জানান পায়েল। প্রকাশিত ছবিতে তাকে লাল জমকালো শাড়িতে নববধূর সাজে দেখা গেছে, যেখানে তার পাশে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা।
বিয়ের এই বিশেষ মুহূর্তের খবর জানিয়ে পায়েল লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। বর্তমান সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখাটাই বড় চ্যালেঞ্জ। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।
পায়েলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার জীবনসঙ্গীকে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী, যিনি যুক্তরাজ্যে একাধিক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বিয়ের তারিখ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলে মন্তব্যের ঘরে পায়েল নিজেই বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, বিয়ে কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। তিনি আরও লেখেন, বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে, তাই সম্পর্ক কতদিন টিকবে—এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। আমাদের জন্য দোয়া করবেন।
দীর্ঘদিন ধরেই উপস্থাপনায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ইসরাত পায়েল। দেশের ছোটপর্দার বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বড় আয়োজনেও নিয়মিত উপস্থাপনায় দেখা গেছে তাকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্যের পর তিনি নতুন করে আলোচনায় আসেন। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন তিনি এবং কাজের পরিধি বাড়িয়ে একজন উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন।





