কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের আইকনিক ঝুলন্ত সেতুটি আবারও তলিয়ে গেছে। শুক্রবার থেকে সেতুটিতে পানি উঠতে শুরু করে এবং বর্তমানে এর কাঠের পাটাতন প্রায় ৪ ইঞ্চি পানির নিচে নিমজ্জিত রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি পর্যটন করপোরেশন সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। তবে কর্তৃপক্ষের এই নির্দেশনা উপেক্ষা করেই পর্যটকরা ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটিতে ভিড় করছেন। শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, অনেক পর্যটক জুতা-স্যান্ডেল খুলে ৪ ইঞ্চি পানির নিচে ডুবে থাকা সেতুর এপার থেকে ওপারে যাতায়াত করছেন। কেউ কেউ সেতুর ওপর দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলছেন, যদিও বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
খাগড়াছড়ি থেকে আসা পর্যটক মো. আব্দুল গণি জানান, তারা ছয়জন ঘুরতে এসেছেন কিন্তু সেতুটি ডুবে থাকায় ওপারে যাওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, 'সেতুর পাটাতন ডুবে আছে। জুতা খুলে সেখানে উঠতে ইচ্ছে হচ্ছে না। বহুদিন পর সেতুটি দেখতে এসেছিলাম কিন্তু পানিতে ডুবে থাকায় আর ওপারে যাওয়া সম্ভব হলো না।' চট্টগ্রামের বাসিন্দা মাহমুদ হাসান রিফাত বলেন, 'রাঙামাটির এই ঝুলন্ত সেতু দেখতে আগেও এসেছি। এখন পানিতে ডুবে থাকায় সেখানে ওঠা হলো না। আমরা প্রায়ই আসি। খুবই ভালো লাগে। সেতুটি রাঙামাটির প্রধান আকর্ষণ।'
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি বৃদ্ধির কারণে শুক্রবার সকাল থেকেই সেতুর পাটাতন ডুবে আছে এবং দুপুর পর্যন্ত ৪ ইঞ্চি পানির নিচে রয়েছে। তিনি বলেন, 'দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সেতুতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকরা নিষেধাজ্ঞা না মেনে ঝুঁকি নিয়ে সেতুতে উঠছেন, পারাপার হচ্ছেন। আশা করছি খুব দ্রুতই হ্রদের পানি কমে যাবে।'





