মোহাম্মদপুরে কিশোর গ্যাং নির্মূলে কঠোর অভিযানের ঘোষণা ডিএমপি কমিশনারের

প্রকাশ:

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৩। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলার ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে বছিলা পুলিশ লাইনসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, এই এলাকায় কিশোর গ্যাং বলে আর কোনো শব্দ থাকবে না। প্রয়োজনে অপরাধ দমনে অস্ত্র প্রয়োগ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরের বাসিন্দারা তাদের বক্তব্যে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইয়ের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসের তুলনায় অপরাধের হার কিছুটা কমেছে এবং কিশোর গ্যাং ও মাদক কেনাবেচা আগের চেয়ে নিয়ন্ত্রিত। তবে শুধু পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি বিচার করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে কমিশনার বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশের পাশাপাশি নাগরিকদের সহযোগিতা অপরিহার্য। তিনি এলাকাভিত্তিক জন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, পুলিশকে সঙ্গে নিয়ে জনগণ সচেতন হলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এছাড়া মোহাম্মদপুর থানার আটটি বিটকে আরও শক্তিশালী ও জবাবদিহির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের কাছে মাদক স্পট ও কিশোর গ্যাংয়ের আস্তানার তালিকা রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব স্থানে অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে রিকশা ও অটোরিকশার গ্যারেজগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হবে এবং রাতে গ্যারেজে অবস্থানকারীদের গ্রেপ্তার করা হবে। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিএমপি যৌথভাবে কাজ করবে।

ছিনতাইয়ের বিষয়ে কমিশনার বলেন, কোনো ছিনতাইকারীর কাছে ছুরি, আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র পাওয়া গেলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চন্দ্রিমা হাউজিংয়ে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা আইনি জটিলতা নিরসন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। নাগরিকদের কমিউনিটি পুলিশিং ও ওয়ার্ডভিত্তিক কমিটির মাধ্যমে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন