রাজধানীর আদাবরের হাক্কানি খালে যুবতীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশ:

রাজধানীর আদাবর এলাকা থেকে এক যুবতীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবরের হাক্কানি খাল থেকে ওই নারীর মরদেহের চারটি খণ্ড উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন পা দুটি খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে স্থানীয়রা হাক্কানি খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসতে দেখেন। তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খোলার পর ভেতরে খণ্ডিত মরদেহ পাওয়া যায়। মরদেহের দুই হাত, মাথা এবং শরীর পৃথক অবস্থায় ছিল।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, উদ্ধারকৃত খণ্ডিত লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহের শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, নিহত যুবতীর বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে।

শেয়ার করুন