মোংলায় সাড়ে ১৫ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ

প্রকাশ:

বাগেরহাটের মোংলায় উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ১৫ হাজার ৬০০ লিটার অবৈধ অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের একটি মুদি দোকানের গোডাউনে এই অভিযান চালানো হয়। দোকানটির মালিক সবুর তালুকদারের গোডাউন থেকে ৭৮ ব্যারেল তেল উদ্ধার করা হয়, যা চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে মজুদ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শারমিন আক্তার সুমী, কোস্ট গার্ড, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, সবুর তালুকদার দীর্ঘদিন ধরে এই অপরিশোধিত তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন।

ইউএনও শারমিন আক্তার সুমী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত তেলগুলো পুলিশকে হস্তান্তর করা হয়েছে এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন