জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) স্থাপন করা স্টল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধনের পর তিনি স্টলটি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমরুল কায়েস প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত কার্যকরী উপকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
ডেঙ্গু মোকাবিলায় আজ থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে ১,৫০০ সদস্যের ২৪টি দল মাঠে নেমেছে। এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস বা সোর্স রিডাকশন এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে অঞ্চল-৫ এর সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এডিস মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
ডিএনসিসি জানিয়েছে, জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় রেখে পুরো সিটি কর্পোরেশন এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে কেবল মশা নিধন নয়, বরং মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্তকরণ, জমে থাকা পানি অপসারণ এবং প্রয়োজনে লার্ভিসাইড প্রয়োগের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে আগে থেকে চিহ্নিত হটস্পটগুলোতে এই বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।





