ভারতে শুরু ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন, দিল্লিতে বিশ্বনেতাদের উপস্থিতি

প্রকাশ:

ভারতে আজ শনিবার থেকে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর এই জোটের সম্মেলনকে কেন্দ্র করে পুরো নয়াদিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। সম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এরই মধ্যে দিল্লিতে পৌঁছাতে শুরু করেছেন।

শুক্রবার ১১ সেপ্টেম্বর রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে পৌঁছেছেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরা সরাসরি এই সম্মেলনে যোগ দিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সামরিক সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর উদ্যোগ।

বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, সম্প্রতি ভারত ও চীনের মধ্যকার সম্পর্কের উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও এখনো কিছু অমীমাংসিত বিষয় রয়ে গেছে। হিমালয় সীমান্ত নিয়ে বিরোধ, বাণিজ্য ঘাটতি এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দিল্লি ও বেইজিংয়ের সম্পর্কের জটিলতাকে এখনো জিইয়ে রেখেছে। এবারের বৈঠকে মধ্যপ্রাচ্যের সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।

শেয়ার করুন