বরিশালে সমকাল অফিস থেকে সাবেক ব্যুরো চিফের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ:

বরিশালে দৈনিক সমকাল পত্রিকার সাবেক ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর পেয়ারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সমকাল-এর বরিশাল ব্যুরো অফিস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যে ভবনে এই ঘটনা ঘটেছে, সেখানে সমকাল ছাড়াও যুগান্তর ও আলোকিত বাংলাদেশসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।

বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি থাকতো এবং তিনি প্রায়ই রাতে এসে অফিসে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে তালাবদ্ধ। দরজা সামান্য ফাঁক করে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। এরপর দ্রুত পুলিশে খবর দেওয়া হলে কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশটি উদ্ধার করেন।

পরিবার ও স্বজনদের তথ্যানুযায়ী, ২০২৩ সালের দিকে সমকাল থেকে অব্যাহতি পাওয়ার পর পুলক চ্যাটার্জি বেকার ছিলেন। তার ভাই এবং ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি জানিয়েছেন, চাকরি না থাকার কারণে তার ভাই বেশ হতাশ ছিলেন। নিহতের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের জানান, চাকরি হারানোর পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন, তবে এমন ঘটনা ঘটবে তা কেউ ভাবেনি। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

শেয়ার করুন