ইয়েমেনের লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি এখন সশস্ত্র গোষ্ঠী হুতির পূর্ণ নিয়ন্ত্রণে। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার বাব আল-মান্দেব নৌপথের ঠিক মাঝখানে অবস্থিত একটি দ্বীপের দখল নেওয়ার মাধ্যমে হুতিরা এই প্রণালির ওপর তাদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্পন্ন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ময়উন দ্বীপ—যা পেরিম নামেও পরিচিত—থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পরপরই হুতি যোদ্ধারা নৌকায় করে সেখানে পৌঁছায়। বর্তমানে বাব আল-মান্দেব এলাকা এবং এর মধ্যবর্তী ময়উন দ্বীপ হুতিদের দখলেই রয়েছে। উপকূলীয় অঞ্চলে সশস্ত্র হুতিদের সামরিক যানবাহনের উপস্থিতিও প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেছেন।
গত সপ্তাহে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে হুতিদের এই অভিযান শুরু হয়। এতে কয়েক শ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর মোখাও দখল করে নেয়। এদিকে, হুতি পরিচালিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে শুক্রবার সৌদি আরব দুবার বিমান হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের হাতে চলে যাওয়া ইরান ও তাদের মিত্রদের জন্য একটি বড় সামরিক সুবিধা। বিশেষ করে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বাব আল-মান্দেব প্রণালি এখন আরও বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। এই নতুন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদেশগুলোর জাহাজ চলাচলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেল।





