রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দার দাম

প্রকাশ:

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। সরকার নির্ধারিত ২০৪ টাকা প্রতি লিটার দাম কার্যকর করার পরও বাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ নিশ্চিত হয়নি। মুদি দোকানিরা অভিযোগ করেছেন যে, অর্ডার দেওয়ার পরও তেল পেতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

তেলের পাশাপাশি আটা ও ময়দার দামও বাড়তি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে প্রতি কেজি খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগে ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে ৩ দশমিক ১৬ শতাংশ।

ময়দার বাজারেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। খোলা ময়দা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়া প্যাকেটজাত ময়দার দাম বেড়ে ৭৫ থেকে ৮৫ টাকায় দাঁড়িয়েছে, অথচ এক মাস আগেও এর দাম ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।

নিত্যপণ্যের এই মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম ও মুরগির দামও। বর্তমানে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকায় এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। একইসঙ্গে মাছ ও সবজির দামও বাড়তি থাকায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে।

শেয়ার করুন