দুর্গাপুরে অবৈধভাবে মজুদ করা ৭০০ বস্তা সার জব্দ

প্রকাশ:

রাজশাহীর দুর্গাপুরে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের আড়ইল গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

স্থানীয়দের অভিযোগ, আড়ইল গ্রামের সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সার ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে আসছিলেন। এরপর সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে এসব সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করতেন তিনি। এই চক্রটির কারণে এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে, যার ফলে প্রকৃত কৃষকরা প্রয়োজনের সময় সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে ব্যর্থ হয়ে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষক আব্বাস আলী বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মজুদ করে রাখলে প্রকৃত কৃষকরা বিপাকে পড়েন। জব্দ করা সার দ্রুত প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের দাবি জানান তিনি। অন্য এক কৃষক জানান, সার সংকটের সুযোগে এভাবে বিপুল পরিমাণ সার মজুদের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সারের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভীন লাবনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়ইল গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা সার জব্দ করা হয়েছে এবং এগুলো সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, সাইদুর রহমানের বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছে। এই সারগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অবৈধ মজুদ বা বেশি দামে বিক্রির সাথে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন