ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বৃহস্পতিবার ইয়েমেন সরকারের সামরিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের কৌশলগত বাব আল-মান্দাব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি হুতিদের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
ইয়েমেন সরকারের সামরিক সূত্রগুলোর দাবি, বাব আল-মান্দাব প্রণালির ওপর প্রভাব বিস্তারের সুযোগ কাজে লাগিয়ে হুতিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে। ইতোমধ্যে হুতি যোদ্ধারা হানিশ দ্বীপপুঞ্জে পৌঁছে গেছে বলেও সরকারের দুটি সূত্র জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দাব প্রণালিতে হুতিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এটি হরমুজ প্রণালির মতো আরেকটি গুরুত্বপূর্ণ পথে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত করবে, যা হুতিদের মিত্র ইরানের জন্য কৌশলগত সুবিধা বয়ে আনবে।
এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগরের এই নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে হুতিদের এই অগ্রযাত্রা সৌদি আরবের জন্য বড় ধরনের সংকটের কারণ হতে পারে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ইসরায়েলের ওপর হামলার মাধ্যমে হুতিরা ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি যুক্ত হয়। জুলাই মাসে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার আগে তারা অনেকটা নীরব থাকলেও, সেপ্টেম্বর মাস থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তাদের হামলা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।





