বরগুনার পাথরঘাটায় অবস্থিত বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে সম্প্রতি ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির ইলিশ মাছ বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের আলতাব হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে বুধবার রাতে মাছটি ধরা পড়ে। পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেললে বিরল আকৃতির এই ইলিশটি ট্রলারের জেলেদের জালে আটকা পড়ে।
পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে পাথরঘাটা বিএফডিসি ঘাটে আনা হয়। সেখানে ‘নিউ আলামিন ফিশ’ নামের মৎস্য আড়তের মালিক মো. টিপু খান নিলামে অংশ নিয়ে ১৭ হাজার টাকায় মাছটি কিনে নেন। আড়তদার টিপু খান জানান, এই ইলিশটির ওজন ২ কেজি ৯০০ গ্রাম, যার প্রতি মণের দাম পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা। তিনি মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানোর পরিকল্পনা করছেন।
পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম জানান, গত দুই বছরের মধ্যে পাথরঘাটা ঘাটে এত বড় আকৃতির ইলিশ আর দেখা যায়নি। ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই মাছটিই গত দুই বছরের মধ্যে ঘাটের সবচেয়ে বড় ও সেরা ইলিশ। বিরল এই মাছটি দেখতে বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায় এবং বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে বেশ উৎসাহ দেখা দিয়েছে।





