চীনের বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

প্রকাশ:

চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত ছবিতে জাহাজটিকে 'ওশান মেলোডি' হিসেবে শনাক্ত করা হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্যমতে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় জাহাজটিতে মোট ৪২ জন কর্মী অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয় এবং দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে জাহাজে থাকা কর্মীদের আগুন নেভানোর প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গেছে।

দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়ার এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় এড়াতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বেইহাই শিপবিল্ডিং প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) আওতাধীন, যা বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাতা ও মেরামতকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

শেয়ার করুন