চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে তিন নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

প্রকাশ:

উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পদ্মা নদীর পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার, মহানন্দা নদীর পানি ১.৩২ মিটার এবং পুনর্ভবা নদীর পানি ২.৩২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে, তবুও দ্রুত পানি বৃদ্ধির কারণে স্থানীয়দের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা ইতোমধ্যে প্লাবিত হয়েছে। কোথাও কোথাও মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, নদীভাঙন চলছে এবং পানি ব্যাপক হারে বাড়ছে। পরিস্থিতি এমন থাকলে কয়েক দিনের মধ্যে বন্যার আশঙ্কা রয়েছে।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম জানিয়েছেন, তার ইউনিয়নের ৪, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চলে পানি প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিছু পাকা আউশ ধানখেত তলিয়ে যাওয়ায় কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলছেন। একই উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, চরপাঁকা, লক্ষ্মীপুর ও নতুনপাড়া এলাকায় অন্তত ১০০টি বাড়িতে পানি ঢুকে পড়েছে। তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানিয়েছেন, উজানের ঢল ও বৃষ্টির কারণেই মূলত পানি বাড়ছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী দুই দিন পানি বাড়ার পর তা আবার কমতে শুরু করবে।

শেয়ার করুন