প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৮। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে সরব থাকা এই প্রজন্মের ব্যস্ততম অভিনেতা আরশ খান এখন আর নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। উত্তরার দোলনচাঁপা শুটিং হাউজে নতুন একটি নাটকের শুটিং চলাকালীন বর্তমান পরিস্থিতির ওপর নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
অভিনেতা আরশ বলেন, “‘জুলাইযোদ্ধা’ শব্দটির সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন আর নেই। এই শব্দটা এখন বিকৃত করে অনেকে ফায়দা লুটেছে। ফলে শব্দটি শুনলে এখন আর তা শ্রুতিমধুর লাগে না।”
দেশজুড়ে তৈরি হওয়া ‘মব কালচার’ এবং সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনার বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরশ। তিনি বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া বা মব তৈরি করা একেবারেই অনুচিত। দেশে বর্তমানে নির্বাচিত সরকার আছে, শান্ত পরিবেশ আছে। যেকোনো সমস্যায় আইনি পথেই হাঁটা উচিত।”
রাজনৈতিক বিভাজনের কারণে মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ জানিয়ে অভিনেতা আরও বলেন, “আমরা মানুষ পরিচয় ভুলে গিয়ে রাজনৈতিক দলে ভাগ হয়ে গিয়েছি। নারীদের যেভাবে রাস্তায় হেনস্তা করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। শুধু বাঁধন আপা নন, কোনো নারী বা পুরুষের সঙ্গেই এমন আচরণ আমি সমর্থন করি না।”





