১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্যাংক ফায়ারিং অনুশীলনে দুই সেনাসদস্য নিহত

প্রকাশ:

চট্টগ্রামের হাটহাজারী সেনা প্রশিক্ষণ এলাকায় ট্যাংক ফায়ারিং অনুশীলনের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারিয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) এবং সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১)। আহতদের মধ্যে রয়েছেন সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬) ও সৈনিক জোবায়ের (ড্রাইভার)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, গুরুতর আহত অপর এক কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে। তবে ওই কর্মকর্তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইএসপিআর জানিয়েছে, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

শেয়ার করুন