ফিলিস্তিনে ২০ বছর পর সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

প্রকাশ:

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দীর্ঘ ২০ বছর পর সাধারণ বা আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) এক প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারির মাধ্যমে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনের পরিকল্পনা অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সফলভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে এটি হবে ২০০৬ সালের পর ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন।

ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এই ফলাফলের পর দুই দলের মধ্যে তীব্র রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরবর্তীতে ২০০৭ সালে সংঘাতের প্রেক্ষাপটে হামাস গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকে পশ্চিম তীর ফাতাহ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা ফিলিস্তিনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। বর্তমান যুদ্ধ পরিস্থিতি, ফাতাহ ও হামাসের মধ্যকার দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিভাজন এবং পূর্ব জেরুজালেমে ভোটগ্রহণের বিষয়ে ইসরায়েলের অবস্থান নির্বাচন প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন