পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্রিটিশ ঘোষণার প্রতিক্রিয়ায় পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ব্রিটিশ সরকারের এই পদক্ষেপকে ‘নৈতিকভাবে বিকৃত’ বলে অভিহিত করেছেন। তিনি একে একটি সার্বভৌম রাষ্ট্র ও তার নির্বাচনি প্রক্রিয়ার বিষয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের করা অভিযোগকে তিনি ‘জঘন্য মিথ্যাচার’ বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, যুক্তরাজ্য সরকার ইহুদিবিদ্বেষের উত্থানে ভূমিকা রাখছে।
কনস্যুলেট বন্ধের পাশাপাশি ইসরায়েল আরও বেশ কিছু পাল্টা পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সমন্বয় মিশনে যুক্তরাজ্যের অংশগ্রহণ বাতিল করা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাহিনীকে যুক্তরাজ্য পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়া। একই সঙ্গে ইসরায়েল সরকার কয়েকজন নির্বাচিত ব্রিটিশ কর্মকর্তা ও অন্যান্য কিছু নাগরিকের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে।





