উগ্রবাদী কর্মকাণ্ডে তথা ফাতাহ কমব্যাট সিস্টেমে (এফসিএস) জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী তরুণ তাহসীন ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ বি সিদ্দিকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন।
তদন্ত কর্মকর্তা আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে তিনি উল্লেখ করেন, ফাতাহ কমব্যাট সংগঠনে জড়িত ব্যক্তিদের সম্পর্কে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। বেলা ৩টা ৫০ মিনিটে পুলিশি নিরাপত্তায় তাহসীনকে কাঠগড়ায় তোলা হয় এবং সোয়া চারটায় শুনানি শুরু হয়।
শুনানির সময় আদালত আসামির কাছে কিছু বলার আছে কি না জানতে চাইলে তাহসীন বলেন, ‘আমি নির্দোষ। আমার আর কিছু বলার নেই।’ এ সময় তার কোনো আইনজীবী আছে কি না জানতে চাইলে তিনি না বলে জানান। এরপর আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাহসীন ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে। তাকে রাতেই সিটিটিসি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।





