সৌদি সীমান্তে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, ভিডিওতে সেনাদের পলায়ন

প্রকাশ:

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক সরঞ্জামবাহী ট্রাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। সোমবার সৌদি-ইয়েমেন সীমান্তের আল-ওয়াদিয়াহ সীমান্ত ক্রসিংয়ের কাছে এই হামলা চালানো হয় বলে হুতি মিডিয়া জানিয়েছে। ইয়েমেন নিউজ এজেন্সির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয়ভাবে তৈরি। হুতিরা আল-ওয়াদিয়াহ ক্যাম্পে সৌদি সেনাদের অবস্থান ও সামরিক তৎপরতা নজরদারি করে সেখানে গোলাবারুদ ও অস্ত্রবোঝাই বিপুলসংখ্যক যানবাহনের উপস্থিতি শনাক্ত করার পর এই ব্যাপক হামলা চালায়।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক সরঞ্জামে বোঝাই কয়েকটি ট্রাকে একটি ফ্র্যাগমেন্টেশন ক্ষেপণাস্ত্র আঘাত করছে। এরপর একের পর এক বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যাপক বিস্ফোরণের মধ্যে সৌদি সেনাদের ক্যাম্প থেকে পালিয়ে যেতেও দেখা গেছে। গত জুলাইয়ে চার বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং বৃহত্তর মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দামও বেড়েছে। কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার মধ্যেই এই উত্তেজনা আরও বাড়ছে।

এদিকে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের তেল স্থাপনায় আগুন ধরে যাওয়া এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার পর মঙ্গলবার পাল্টা হামলার হুমকি দিয়েছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর চালানো হামলায় তেল স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয় এবং ৭৩ জন আহত হয়েছেন।

শেয়ার করুন