ইরানের ওপর সামরিক হামলার অনুমোদনের অপেক্ষায় ইসরায়েল

প্রকাশ:

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন চাইছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ‘কান ১১’-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। বর্তমানে এই সংঘাত মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, তবে ইসরায়েলের আশঙ্কা, আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সূত্র নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো ভবিষ্যৎ হামলায় অংশ নিতে দেশটি প্রস্তুত। নিজেদের শক্তি প্রদর্শন এবং ওয়াশিংটনের পাশে থাকার প্রমাণ দিতেই এমন আগ্রহ দেখাচ্ছে তেল আবিব। ইসরায়েলি ওই সূত্রটি আরও জানিয়েছে, তারা যুদ্ধ পরিস্থিতি বা বাঙ্কারে ফিরে যেতে আগ্রহী নয়, তবে ইরানের বর্তমান পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রয়োজনে যেকোনো মূল্য চোকাতে তারা প্রস্তুত রয়েছে।

এদিকে, এই সংঘাত কতদিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হারেৎজ জানিয়েছে, এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। ইসরায়েলি নেতাদের ধারণা, ওয়াশিংটন চাচ্ছে না যে এই পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল সরাসরি জড়িত হোক। বর্তমানে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর সম্ভাবনা কম থাকলেও, সংঘাতের পরিধি বাড়লে তা মোকাবিলার জন্য দেশটির সামরিক বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান ও কাতার উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলে সিএনএন জানিয়েছে। এছাড়া তুরস্কও উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার চেষ্টা করছে বলে ইসরায়েলের চ্যানেল ১২ দাবি করেছে। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা বিভিন্ন ফ্রন্টে উভয় দেশের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

শেয়ার করুন