বৃটেনে সালমোনেলা প্রাদুর্ভাব, ডিম নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক

প্রকাশ:

বৃটেনে সালমোনেলা সংক্রমণের ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিদিন এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ডিমের প্রতি এক ধরনের ভীতি তৈরি হয়েছে। অনেকেই বাজার থেকে ডিম কেনা থেকে বিরত থাকছেন, এমনকি রেস্তোরাঁগুলোতেও ডিমযুক্ত খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। প্রাথমিক তদন্তে এই প্রাদুর্ভাবের সঙ্গে আমদানিকৃত ডিমের যোগসূত্র পাওয়ার কথা জানা গেছে, যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো দেশ বা উৎপাদককে এর চূড়ান্ত উৎস হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

বৃটিশ হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত সালমোনেলা এন্টারিটিডিসে আক্রান্তের সংখ্যা ৫২৮ জনে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত ব্যক্তিরা সবাই কোনো না কোনো স্থানীয় ক্যাফে, রেস্তোরাঁ বা টেকঅ্যাওয়ে থেকে খাবার গ্রহণের পর অসুস্থ হয়েছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে আমদানিকৃত ডিম সংরক্ষণ, ব্যবহার ও রান্নার পদ্ধতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

সংক্রমিতদের মধ্যে ৩০৫ জন টি৫.৯৪১১ ক্লাস্টারের সঙ্গে যুক্ত, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া টি০.২৪০৬৮ ক্লাস্টারের সঙ্গে ১৮২ জন আক্রান্ত হয়েছেন, যেখানে কোনো মৃত্যুর খবর নেই। তৃতীয় ক্লাস্টার টি৫.৯৭৬৫-এ ৪১ জন আক্রান্ত হয়েছেন এবং সেখানেও একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সালমোনেলা সংক্রমণের লক্ষণের মধ্যে রয়েছে ডায়রিয়া, পেটের খিঁচুনি বা ব্যথা, বমি এবং জ্বর। শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। গুরুতর পর্যায়ে এই সংক্রমণ সেপসিসের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।

ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) পরামর্শ দিয়েছে যে, ডিম ভালোভাবে রান্না করা এবং স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি অনেকাংশেই কমে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাঁচা বা অল্প রান্না করা ডিম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রান্নার সময় পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ডিম ও কাঁচা মাংস ধরার পর ভালোভাবে হাত ধোয়া, প্যাকেটের নির্দেশনা মেনে খাবার সংরক্ষণ করা এবং সঠিক তাপমাত্রায় রান্না করা সালমোনেলা প্রতিরোধের জন্য অপরিহার্য। রেস্তোরাঁ বা ক্যাফেতে খাবার খাওয়ার সময় ডিম সম্পূর্ণভাবে রান্না করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন