ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু শনিবার

প্রকাশ:

ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকি মোকাবিলায় আগামী তিন মাসব্যাপী একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। আগামী শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করবেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সময় তিনি এই কর্মসূচির ঘোষণা দেন এবং দেশবাসীকে এতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সভায় স্পষ্টভাবে উল্লেখ করেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধনের ওপর নির্ভর করা যথেষ্ট নয়; বরং পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই কর্মসূচি মাঠপর্যায়ে সফল করতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষার্থীদের সমন্বিত অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। অভিযানের সমন্বয় প্রক্রিয়ায় মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওরা দায়িত্ব পালন করবেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্থাপনা ও বাসাবাড়িতে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা এবং নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।

প্রধানমন্ত্রী মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোরও নির্দেশ দিয়েছেন। বিশেষ করে টেলিভিশনে জনসচেতনতামূলক বার্তা প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আগামী তিন মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন