পশ্চিম তীরের ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞা দিতে পারে বৃটেন

প্রকাশ:

বেআইনিভাবে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলো থেকে আসা পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিতে পারে বৃটেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মঙ্গলবার বিকেলে হাউস অব কমন্সে এ সংক্রান্ত পদক্ষেপের ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃটেন-ইসরাইল সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইসরাইলি বসতিগুলো অবৈধ। এমন পরিস্থিতিতে বৃটেনের এই পদক্ষেপের বিষয়টি সামনে এল, যখন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল নতুন করে আরও ১ হাজার ২০০টি বাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে। তবে বৃটেনের এই সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বিবিসিকে জানিয়েছেন, বৃটেনের এমন পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য পাল্টা ব্যবস্থা নিতে পারে।

বৃটেনের কর্ম ও পেনশনবিষয়ক মন্ত্রী প্যাট ম্যাকফ্যাডেন জানিয়েছেন, সরকার মঙ্গলবার যে পদক্ষেপ ঘোষণা করতে যাচ্ছে, তাকে ইসরাইলের সঙ্গে ব্যবসা বয়কট হিসেবে দেখার সুযোগ নেই। বিবিসি রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে তিনি বলেন, বসতি কার্যক্রমের ধারাবাহিক সম্প্রসারণের প্রতিক্রিয়াতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্জনের সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়বে।

ইসরাইলের সঙ্গে বৃটেনের অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ম্যাকফ্যাডেন বলেন, বর্তমান ইসরাইলি সরকারের সমালোচনা এবং বৃটেনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের জীবনযাত্রার মধ্যে পার্থক্য থাকা জরুরি। তিনি আরও বলেন, বৃটেনে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যেকোনো ধরনের শত্রুতামূলক আচরণ মৌলিকভাবে ভুল।

শেয়ার করুন