বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যে যুবদল নেতার বিতর্ক

প্রকাশ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগকে সাথে নিয়ে এলাকায় বসবাস ও সহাবস্থানের ঘোষণা দিয়েছেন ফেনী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মহি উদ্দিন মহিন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সম্প্রতি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজীপুর গ্রামে কলম স্পোর্টিং ক্লাব আয়োজিত ওই অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে মহি উদ্দিন মহিন বক্তব্য দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বসবাসের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তার এই বক্তব্যকে দলের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান এবং নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।

দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন বা তাদের সঙ্গে মিলে চলার বার্তা দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন। তাদের মতে, দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে এমন বক্তব্য ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই; এর সুদূরপ্রসারী সাংগঠনিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একাংশের দাবি, রাজনৈতিক আপস বা পুনর্বাসনের মতো বিষয়ে মন্তব্য করার আগে দলের নীতিগত সিদ্ধান্ত ও সাংগঠনিক অবস্থান বিবেচনা করা উচিত। তারা বিষয়টিকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করে তদন্তের দাবি জানিয়েছেন।

নিজের বক্তব্যের বিষয়ে সাবেক যুবদল নেতা মহি উদ্দিন মহিন বলেন, সমাজে বসবাসরত সকলের উদ্দেশে মিলেমিশে থাকার আহ্বান জানাতেই তিনি এমন কথা বলেছেন। তবে তার বক্তব্যে কোনো ভুল থাকলে দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলেও জানান তিনি।

ঘটনাটি নিয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আব্দীন বাবলু বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন বক্তব্য কোনোভাবেই একজন দলীয় নেতার হতে পারে না। এই ধরনের মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি তাদের বিব্রত করেছে বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন