ঢাকার কেরানীগঞ্জ ও শোয়ারি ঘাট এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য এবং নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই অভিযানের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৯৬ লক্ষ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানের সময় পণ্যের প্রকৃত মালিককে পাওয়া না যাওয়ায় কাভার্ড ভ্যান চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়েছে।
একইদিন সকাল সাড়ে ৬টায় চকবাজার থানাধীন শোয়ারিঘাট সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। সেখানে দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাব্বির আলম সুজন আরও জানান, জব্দকৃত পলিথিনগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত ভারতীয় পণ্যগুলোর বিষয়েও আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধ এবং পরিবেশ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।





