কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : অর্থ উপদেষ্টা

প্রকাশ:

সরকারি উদ্যোগ এবং বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ: ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু এ রেজিলেন্ট এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাত অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল বলে উল্লেখ করেন ড. তিতুমীর। তিনি বলেন, খাতটি তখন আর্থিক সংকটে ছিল এবং কৌশলগত কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল না। উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকারের নীতিমালার কারণে দেশ প্রশাসনিক ও অর্থনৈতিক ফাঁদে পড়েছে। বিগত সরকার জ্বালানি খাতকে চরম আমদানিনির্ভর করে গড়ে তুলেছিল, যা সাধারণ জনগণ, শিল্প খাত ও বিনিয়োগের ওপর পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

জ্বালানি নিরাপত্তার প্রকৃত অর্থ হলো সহজলভ্য, নির্ভরযোগ্য ও ক্রমবর্ধমান পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। উপদেষ্টা জানান, জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার নতুন এলএনজি অবকাঠামো নির্মাণ, পাইপলাইন সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং দেশীয় গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খননসহ বহুমুখী উদ্যোগ নিয়েছে। একইসাথে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই ও ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি।

ড. তিতুমীর আরো বলেন, যেকোনো মূল্যে সবার আগে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, ভিএলসি কার্গোতে সরাসরি গ্যাস আমদানি করা সম্ভব হলে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে কমবে। বিগত সরকার অলিগার্কদের প্রতিষ্ঠিত করে গেছে উল্লেখ করে তিনি জানান, সরকারি পর্যায়ে গ্যাস আমদানির নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে খোলাবাজারে এলপিজির মূল্য সাধারণ মানুষের নাগালে আসবে।

সেমিনারে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এসটেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. ইজাজ হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো: মনজুর আলম প্রধানসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে আয়োজিত ‘এনার্জি সিকিউরিটি ইন বাংলাদেশ : ফ্রম ক্রাইসিস ম্যানেজমেন্ট টু এ রেজিলেন্ট এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেয়ার করুন