আটলান্টিক মহাসাগরে পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস রোববার (৬ সেপ্টেম্বর) এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটে শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন কোনো স্কুল কর্তৃপক্ষ করেনি। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছরই শিক্ষার্থীদের জন্য এ ধরনের ভ্রমণের আয়োজন করতেন। দুর্ভাগ্যবশত, এই দুর্ঘটনায় বাসচালক নিজেও নিহত হয়েছেন।
এখন পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।





