প্রবাসীদের ১০ দফা দাবি সমাধানে উদ্যোগী সরকার, সংসদে জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশ:

ই-পাসপোর্ট সংক্রান্ত জটিলতা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অপহরণ ও নির্যাতনের ঘটনা এবং দালাল চক্রের প্রতারণাসহ প্রবাসীদের নানাবিধ সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার ৬ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে দেওয়া এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া এই নোটিশটি উত্থাপন করেছিলেন।

নোটিশের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে ১০টি সুনির্দিষ্ট বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ই-পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধান, সৌদি আরবে অপহরণ ও নির্যাতন বন্ধ করা, দালাল চক্রের প্রতারণা রোধ, দক্ষ জনশক্তি তৈরি, গামকা মেডিকেল পরীক্ষায় অনিয়ম দূর করা, বিএমইটির দুর্নীতি প্রতিরোধ, অবৈধ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অভিবাসন ব্যয় হ্রাস, দূতাবাস থেকে সরাসরি সহায়তা প্রদান এবং অসুস্থ ও মৃত প্রবাসীদের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা।

সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার এ উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, তিনি প্রবাসীদের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং এ বিষয়ে তাকে যথেষ্ট গবেষণা করতে হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসীদের সমস্যা অস্বীকার করার কোনো অবকাশ নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতিতেও প্রবাসীদের কর্মসংস্থান ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং এটি সরকারের অন্যতম বড় অগ্রাধিকার।

শেয়ার করুন