চলতি বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী, এই অর্থের পরিমাণ প্রায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ হাজার টাকা। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, গত তিন দিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশে দুই হাজার ৬৩২ কোটি ২০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৯ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৫২ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।





