নারী এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না বাংলাদেশের। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইগ্রেসরা হেরেছে ৪ উইকেটের ব্যবধানে। আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ১১৪ রানের সংগ্রহ দাঁড় করায়, যা লঙ্কানরা ৪ বল হাতে রেখেই পেরিয়ে যায়।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। ওপেনার দিলারা আক্তার ২৬ বলে ২৬ রান করেন এবং জুয়ারিয়ারা ফেরদৌস আউট হন ১০ বলে ১৪ রান করে। এরপর ব্যাটিংয়ে আর বড় কোনো জুটি গড়ে ওঠেনি।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল শ্রীলঙ্কা। মারুফা আক্তার লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তু এবং ইমেশা দুলানিকে সাজঘরে ফেরান। স্পিনার সুলতানা খাতুন পাওয়ার প্লের শেষ ওভারে সঞ্জনা কাভিনদিকে আউট করেন। ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে লঙ্কানরা বিপর্যয়ের মুখে পড়লে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে হারশিতা সামারাবিক্রমা শেষ দিকে ঝড় তুলে ম্যাচ ঘুরিয়ে দেন। তিনি নিলাকসিকা সিল্ভাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়েন। ১৭তম ওভারে মারুফা এই জুটি ভাঙলে ম্যাচে ফেরার সুযোগ পায় বাংলাদেশ।
শেষ ৩ ওভারে শ্রীলঙ্কার জয়ের জন্য ২৯ রানের প্রয়োজন ছিল। ১৮তম ওভারে রিতু মনি ১৬ রান এবং পরের ওভারে নাহিদ আক্তার ১১ রান দিলে সমীকরণ সহজ হয়ে যায়। শেষ ওভারের দ্বিতীয় বলেই জয় নিশ্চিত করে লঙ্কানরা। বাংলাদেশের হয়ে ২১ রান খরচায় ৩টি উইকেট নেন মারুফা আক্তার। এই হারের ফলে সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়া এখন নিগার সুলতানা জ্যোতির দলের জন্য বাধ্যতামূলক।





