বাংলাদেশের নৈতিক পুনর্গঠনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আইনের শাসন, জবাবদিহি, স্বচ্ছতা এবং যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করা গেলে বর্তমান পরিস্থিতির পরিবর্তন সম্ভব। রাষ্ট্রের দায়িত্ব কেবল দুর্নীতিবাজদের চিহ্নিত করা নয়, বরং একটি নৈতিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অবিরাম প্রচেষ্টা চালানো। বিগত ১৭-১৮ বছরে সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পাহাড়সম আবর্জনা জমেছে, তা রাতারাতি দূর করা সম্ভব না হলেও একটি পরিশীলিত সূচনা জাতির বিবেকে নতুন প্রাণ সঞ্চার করতে পারে।
শৈশবের পাঠ্য ‘দ্য মোরাল এথিক্স’ বইয়ের একটি চরণের কথা মনে পড়ে, যেখানে বলা হয়েছে—অশুভ আকাঙ্ক্ষা এবং অন্যায় আচরণ উভয়ই পাপ। অথচ আমাদের সমাজে এখনো একশ্রেণীর ক্লেদাক্ত বাসনা ও গর্হিত কর্মকাণ্ড চলছে। মুদ্রার অন্য পিঠে রয়েছে জীবনযুদ্ধে ক্ষত-বিক্ষত জনতার দুঃখ-যাতনা ও পুঞ্জীভূত রোষ। এই রোষ প্রতিকারে বর্তমান সরকারের পাশাপাশি অতীতের দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ। গত দেড় দশকে রোপিত সেই বিষবৃক্ষের শিকড় এখনো উপড়ে ফেলা হয়নি।
বাংলাদেশের সামনে অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, রাজনৈতিক বিভাজন ও সুশাসনের ঘাটতির মতো চ্যালেঞ্জ থাকলেও এর মূল কারণ নীতিনৈতিকতা ও মূল্যবোধের নিদারুণ সংকট। নৈতিকতা বলতে শুধু ঘুষ না নেওয়া বা মিথ্যা না বলা নয়, বরং এর সাথে জড়িয়ে আছে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা, গভীর আত্মসংযম এবং জনস্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার মানসিকতা। যখন মানুষ জেনেশুনে ব্যক্তিগত স্বার্থে অন্যায়কে বেছে নেয়, তখনই নৈতিক সংকট তৈরি হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের করাপশন পারসেপশন ইনডেক্সে ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশের ১৫০তম অবস্থানে থাকা এবং ২৪ স্কোর অর্জন রাষ্ট্রীয় স্বচ্ছতার দুর্বলতাকে স্পষ্ট করে।
এই অবক্ষয়ের প্রভাব ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। পরিবারে যখন সন্তানের সাফল্যের মাপকাঠি কেবল অর্থ, বাড়ি-গাড়ি ও সামাজিক মর্যাদা হয়ে দাঁড়ায় এবং উপার্জনের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয় না, তখন থেকেই নৈতিক স্খলনের সূচনা ঘটে। কর্মক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে তদবির, দক্ষতার বদলে ব্যক্তিগত সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে নকল বা জাল সনদের গ্রহণযোগ্যতা—সবই এই দীর্ঘস্থায়ী সংকটের লক্ষণ। বিশ্বব্যাংকও বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে দক্ষতা ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
এই সংকট থেকে উত্তরণের পথটি হতে হবে দৃশ্যমান নৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের সূচনা। এর জন্য প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ক্ষমতাবান ও সাধারণ নাগরিকের জন্য আইনের সমান প্রয়োগ, দুর্নীতির তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি ব্যয়ের প্রতিটি স্তরে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা বৃদ্ধি করা জরুরি। দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে পদোন্নতিকে কর্মদক্ষতার সাথে যুক্ত করতে হবে এবং শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষাকে বাস্তব আচরণের অংশ করে তুলতে হবে। সমাজ ও রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বকে দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার রোধ করে একটি নৈতিক পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।





