মিসরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাদক চোরাচালান, অবৈধ অস্ত্র বহন এবং একটি আন্তর্জাতিক অপরাধচক্র পরিচালনার অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী সারা খলিফাসহ মোট ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সারা খলিফা ও তার সহযোগীরা একটি বৃহৎ সন্ত্রাসী ও অপরাধী চক্র গড়ে তুলেছিলেন। বিদেশ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান আমদানি করে দেশে কৃত্রিম মাদক তৈরি এবং তা বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিচার চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই চক্রের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদকদ্রব্য, মাদক তৈরির কাঁচামাল এবং বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
বিচারিক প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। এছাড়া আসামিদের মধ্যকার অডিও রেকর্ড ও ভিডিও ক্লিপ আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। একই মামলায় আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দিয়েছেন আদালত।
মিসরের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে দেশটির শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির কাছে মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শেষে আদালত মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় ঘোষণা করেন। তবে সারা খলিফা শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে তিনি দাবি করেন, মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর কার্যালয়ে নিয়ে ছবি তোলার আগে তিনি কখনো মাদক দেখেননি। সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, আদালতের এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, মিসরে অপরাধ দমনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার উদ্বেগজনকভাবে বাড়ছে।





