নেপালে ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নারী জীবিত উদ্ধার

প্রকাশ:

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী চন্দ্রিকা শ্রেষ্ঠ নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শনিবার নুয়াকোট জেলায় এই উদ্ধার অভিযানটি সম্পন্ন হয়। নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা তাকে কাদা মাখা অবস্থায় ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। উদ্ধারের পর তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রাজধানী কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট ইকবাল হাওয়ারি জানিয়েছেন, একটি এলাকা পরিষ্কার করার সময় পুলিশ সদস্যরা ওই নারীকে জীবিত খুঁজে পান। সশস্ত্র পুলিশ বাহিনীর প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচের তলাগুলো ঘন কাদা ও ধ্বংসাবশেষে পুরোপুরি চাপা পড়ে আছে এবং মাত্র সামান্য অংশ দৃশ্যমান।

এর আগে একই দিনে রাসুয়া জেলায় আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে এক চীনা নাগরিককেও জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্ত এলাকায় হিমবাহ ও পাথরের বিশাল ধসের পর আকস্মিকভাবে পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ নেমে আসে, যা অনেকটা সুনামির মতো বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, দেশটিতে ৩১ জন নিহত ও ৫৩১ জন নিখোঁজ রয়েছেন। সব মিলিয়ে নেপাল ও চীনে মোট ১ হাজার ৩৭৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দীর্ঘ ১০ দিন পর চন্দ্রিকা শ্রেষ্ঠ ও চীনা নাগরিকের জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন