১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানে অসংলগ্ন যাত্রী, স্কচটেপে বেঁধে জরুরি অবতরণ

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের ডালাস থেকে নিউজার্সিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী প্রচণ্ড অসংলগ্ন আচরণ শুরু করলে পাইলট উড়োজাহাজটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। বৃহস্পতিবার রাতে ঘটা এই ঘটনার পর মেরিল্যান্ডের বাল্টিমোর বিমানবন্দরে বিমানটি অবতরণ করানো হয় এবং ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ফ্লাইট ৬১৮-এর ফার্স্ট ক্লাসে থাকা ওই যাত্রী হঠাৎ ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন। তিনি বর্ণবাদী ও সমকামিতা বিদ্বেষী মন্তব্য করার পাশাপাশি পাশের এক যাত্রী এবং তাকে শান্ত করতে আসা এক নারীকে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জুয়ান মেজিয়া নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন যাত্রী মিলে তাকে জিপটাই ও স্কচটেপ দিয়ে সিটের সঙ্গে বেঁধে ফেলেন। এই ধস্তাধস্তির সময় ওই যাত্রী মেজিয়াকে কামড় দেন।

উড়োজাহাজটিতে ওই যাত্রীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে তার মুখে কোনো টেপ লাগানো হয়নি। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী আসন্ন থাকায় আকাশে এমন সহিংস আচরণ যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্যমতে, চলতি বছর বিমানে যাত্রীদের উচ্ছৃঙ্খল আচরণের ১ হাজার ১৬০টির বেশি ঘটনা ঘটেছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে ৪৩ হাজার ডলারের বেশি জরিমানার বিধান রয়েছে।

শেয়ার করুন