নতুন মিটার লাগানোর আগেই গ্রাহকের কাছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

প্রকাশ:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায় নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল আসার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে নতুন একটি মিটার সংযোগের জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু মিটার স্থাপন কিংবা বিদ্যুৎ সংযোগ পাওয়ার আগেই তার নামে ৬৯২ টাকা পরিশোধের বিল এসেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাসায় চারটি মিটার আগে থেকেই রয়েছে এবং নতুন মিটারের জন্য একটি ওয়্যারিং বোর্ড তৈরি করা হয়েছে। তবে তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে, যার মধ্যে নতুন মিটারের নামে আগস্ট মাসের বিল ধরা হয়েছে ৬৯২ টাকা। সংযোগহীন অবস্থায় বিল আসার বিষয়টি স্থানীয়দের মধ্যেও বিস্ময় সৃষ্টি করেছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, নিমাই সরকারের সাথে কথা বলেই বিলটি করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল করা যায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এটি একটি ভুল হয়েছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) আবু সালেহ মো. নাঈম জানান, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়েছে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় গ্রাহকের নামে কীভাবে বিল তৈরি হলো, তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এছাড়া একই অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিনও বিষয়টি স্পষ্ট করতে পারেননি এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন