জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার সকালে নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে হুমায়ুন কবির বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই উচিত। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আলোচনা চলছে।

জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এনার্জি সেক্টর দেখলে বোঝা যায় কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়। তবে বর্তমান সরকার এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে আলোচনা চলছে এবং এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সরকার সেখানেই যাবে।

আমেরিকা থেকে বোয়িং বিমান কেনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বোয়িং কিনতে হবে এমন কোনো চাপ নেই। এভিয়েশন খাতে চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কেনা হবে। এছাড়া মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং এখন ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে। এসময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন