জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঘোষিত লংমার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পৌঁছেছে। শনিবার সকাল ৯টায় লংমার্চটি সেখানে পৌঁছালে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা রাজপথে নেমেছি গণভোট বাস্তবায়ন করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, ভাঁওতাবাজি করছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না।’ তিনি আরও বলেন, ১১ দলীয় জোট জনগণের পাশে আছে এবং তাদের ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন। তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে উপস্থিতদের উদ্দেশে বলেন, আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে লংমার্চের সফলতা কামনা করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল ও গ্যাসের দাম না কমালে এই সরকারকে গদি ছাড়তে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা কঠিন মুহূর্তেও প্রস্তুত আছি। সরকার প্রধানকে বলবো—এই জাতির পালস বুঝার চেষ্টা করেন, শেখ হাসিনা ৩ বার মানুষের ভোট নিয়ে খেলেছেন, তাই তাকে এই দেশের মানুষ ছক্কা মেরে বিদায় করেছে। ফ্যামিলি কার্ড দিয়ে প্রতারণা করলে এই দেশের মানুষ লাল কার্ড দেখাবে।’
এ সময় আরও বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন এমপি। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ মোট ছয় দফা দাবি সামনে রেখে এই লংমার্চ কর্মসূচি পালিত হচ্ছে।





