সিলেটে প্রতিমন্ত্রীর কর্মসূচিতে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ

প্রকাশ:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেট সফরকে কেন্দ্র করে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিলেট সফর, যাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে হযরত শাহ্‌জালাল (র.) মাজার মসজিদে জুমার নামাজ আদায়ের পর। মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী যখন বেরিয়ে আসছিলেন, তখন সাংবাদিকরা তার বক্তব্য সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নেতাকর্মীদের ভিড়ে ধাক্কাধাক্কিতে পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় কেউ কেউ সাংবাদিকদের মাইক্রোফোন ও ক্যামেরা স্ট্যান্ডের ক্ষতি করেন। সাংবাদিকরা প্রতিবাদ জানালে নেতাকর্মীরা তাদের দিকে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন বলে ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন।

যমুনা টেলিভিশনের সাংবাদিক নাবিল হোসাইন ফেসবুক পোস্টে জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মাজারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল প্রতিমন্ত্রীর। তবে নেতাকর্মীদের চাপের মুখে সেখানে কাজ করা সম্ভব না হওয়ায় সাংবাদিকরা মাজারের বাইরে চলে আসেন। এরপর কয়েকজন যুবক তাদের ওপর চড়াও হয়ে প্রশ্ন তোলেন, মন্ত্রীর বক্তব্য না নিয়ে স্থান ত্যাগের সাহস কীভাবে হলো। স্টার নিউজের সিলেট ব্যুরো চিফ ইয়াহ্‌ইয়া মারুফ জানান, মাজার প্রাঙ্গণে ভিড় ও ধাক্কাধাক্কির কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে বাইরে আসার পর টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের খারাপ আচরণের ঘটনা ঘটে।

প্রতিবাদের অংশ হিসেবে বিকেলের দিকে নগরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও নগর বিএনপি’র সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভায় টেলিভিশন সাংবাদিকরা অংশগ্রহণ করেননি। এদিকে জেলা ও নগর বিএনপি’র নেতারা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তারা বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন