প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, প্রত্যাশা ন্যায়বিচারের

প্রকাশ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দলটি সবসময় ন্যায় বিচার প্রত্যাশা করে। শুক্রবার বিকেলে নরসিংদীর তাঁত প্রশিক্ষণ ইন্সটিটিউট হল রুমে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ১/১১ থেকে শুরু করে দেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে সরিয়ে বাংলাদেশকে একটি কুক্ষিগত রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রাজনীতির সূচনা করেছিলেন তা ছিল উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি। বর্তমান বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড তিনিই তৈরি করেছিলেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ তাদের অধিকার রক্ষায় জিয়াউর রহমান যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। এই তথ্যগুলো বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে পৌঁছে দেওয়া প্রয়োজন।

ড. মঈন খান বলেন, জিয়াউর রহমান জাপানকে পেছনে ফেলে বিশ্বনেতা হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তখনই একটি কুচক্রী মহল তাকে হত্যা করে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দলটি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চায় এবং বিগত ১৭ বছরের ধ্বংসস্তূপ থেকে দেশকে উত্তরণ ঘটাতে চায়। এছাড়া পাঁচটি ধাপের নির্বাচনের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নরসিংদী সদর আসনের এমপি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং সংরক্ষিত আসনের সাংসদ শিরিন সুলতানা। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন