ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, তাই তাদের ভালো বই পড়ায় আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশ আয়োজিত ‘যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির ১২ বছর’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব এখন থেকেই নিতে হবে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস তৈরি এবং তাদের আগ্রহ ও উৎসাহ বাড়াতে তিনি আহ্বান জানান। মন্ত্রী বলেন, সরকারের এসব উদ্যোগ আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও মননশীলতার বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে।
সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি’ বা সিএসআর সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক ও সৃজনশীল মানুষ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।
তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বই পড়ার মাধ্যমে তরুণদের জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানো সম্ভব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির।





